দক্ষিণ ও উত্তর কোরিয়ার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের যোগাযোগের পথ উন্মুক্ত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৪, ১৪:৪৭
 
 উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ঘনিষ্ট সহকারীদের দক্ষিণ কোরিয়ায় আকস্মিক সফর এ দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের পথ খুলে দিয়েছে। বছরের পর বছর ধরে তাদের মধ্যে এ ধরনের যোগাযোগ হয়নি। রবিবার বিশ্লেষকরা একথা জানান।
ভবিষ্যতে এ ধরনের যোগাযোগের ফলাফল যাই হোক না কেন, উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার শনিবারের সফর এ দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করেছে ।
সিউলে কোকমিন বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান স্ট্যাডিজের অধ্যাপক আন্দ্রেই ল্যানকভ বলেন, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ‘এটি একটি বিরাট সুযোগ’।
ল্যানকভ বলেন, এর আগে কখনো উত্তর কোরিয়ার এ ধরনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া সফরে যাননি। সেদিক থেকে এটি একটি নজিরবিহীন ঘটনা।
দক্ষিণ কোরিয়া সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পরমাণু অস্ত্রের অধিকারী পিয়ংইয়ংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিরক্ষা কমিশনের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান হোয়াং পিয়ং-সো। তাকে কিম জং-উনের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে মনে করা হয়ে থাকে।
সোয়ের অপর দুই সফর সঙ্গী ছিলেন কিমের আরেক আস্থাভাজন চোয়ে রিয়ং-হায়ে এবং ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সেক্রেটারি কিম ইয়ং-গন। তিনি দক্ষিণ কোরিয়া বিষয়টি দেখভাল করে থাকেন। খবর এএফপি