গাজীপুরের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আকরাম হোসেন ভুলু (৪৫) ওই মামলার ৮ নম্বর আসামি। তিনি টঙ্গীর গোপালপুরের গণি মিয়ার ছেলে।মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে আকরামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে টঙ্গী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
টঙ্গী থানার ওসি কাজী ঈসমাইল হোসেন জানান, নোয়াখালী পুলিশের সহায়তায় আকরামকে গ্রেপ্তারের পর তাকে টঙ্গীতে নিয়ে আসা হচ্ছে।
২০০৪ সালের ৭ মে দুপুরে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন চলাকালে গুলিতে নিহত হন আহসানউল্লাহ মাস্টার। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান মতি টঙ্গী থানায় মামলা করেন। ২০০৫ সালের ১৬ এপ্রিল আদালত মামলার প্রধান আসামি বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনের ফাঁসির আদেশ দেয়। ছয়জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
এর মধ্যে নূরুল ইসলামসহ ১৮ জন বিভিন্ন কারাগারে বন্দি আছেন। একজন চলতি বছরের জুন মাসে কারাগারে থাকা অবস্থায় মারা যান। এখনো ৯ আসামি পলাতক।
