কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১০:১৯

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক জুয়েল (৩২) নিহত হয়েছেন। এ সময় আরো তিন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, সকাল সোয়া সাতটার দিকে কুমিল্লা-লাকসাম সড়কের জেলখানা বাড়ি নামকস্থানে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে লাকসামগামী সিএনজি চালিত ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই অটোরিকশার চালক জুয়েল মারা যান। এ সময় অপর তিন যাত্রী আহত হন। মাইক্রোবাসটি এ সময় রাস্তার পার্শ্বে ছিটকে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় মাইক্রোবাস চালককে আটক করে। তাৎক্ষণিকভাবে আটক চালক কিংবা আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।