চট্টগ্রামে বৃদ্ধা মাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিন ছেলে ও তিন বউয়ের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরীর আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে আলোচিত এ মামলার বিচার শুরু হয়েছে।
মামলার অভিযুক্তরা হলেন, নূর ইসলাম (৪০) ও তার স্ত্রী শামীম আক্তার (৩৩), নূর আলম (৩৮) ও স্ত্রী পারভিন আক্তার (৩০) এবং নূর হোসেন (২৫) ও স্ত্রী বিউটি আক্তার (২০)। দণ্ডবিধির ৩০৭, ৩২৩, ৩২৪, ৫০৬ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠিত হলেও মামলার সাক্ষ্যগ্রহণের সময় পরে নির্ধারণ করা হবে বলে আদালত সূত্র জানায়।
নগরীর বন্দর থানার মধ্যম হালিশহরের বাকেরটেক এলাকার ৮০ বছরের বৃদ্ধ রওশন আরা বেগমের মালিকানাধীন আড়াই গণ্ডা জমি ভাগ বাটোয়ারা করে দেয়ার দাবি জানান তার তিন সন্তান ও পুত্রবধুরা। এতে রাজি না হওয়ায় গত ২৪ জানুয়ারি ছেলে ও পুত্রবধূরা ওই বৃদ্ধাকে গলা টিপে হত্যার চেষ্টা করে। মৃত্যু না হওয়ায় তাকে মারধর করে একটি ঘরে তালাবদ্ধ করে আটকে রাখে।
এ ঘটনায় গত ২৬ ফেব্রুয়ারি বৃদ্ধা রওশন আরা বাদি হয়ে ছেলে ও পুত্রবধূদের আসামী করে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদুল আলমের আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ২ মার্চ অভিযুক্ত ছয়জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে বৃদ্ধা মা ৫ মার্চ আদালতে হাজির হয়ে ছেলে ও পুত্রবধূদের ক্ষমা করে দেয়ার কথা জানালে আদালত অভিযুক্ত ছয়জনকে জামিন দেন।
সন্তানেরা বিচারকের কাছে এই মর্মে অঙ্গীকার করেন যে ভরণপোষণ বাবদ মাকে প্রতি মাসে ৬ হাজার টাকা করে দেবেন এবং সম্পদের ভাগবাটোয়ারা নিয়ে কখনো মায়ের উপর চাপ সৃষ্টি করবেন না। পুত্রবধূরা শাশুড়ির যত্ন নেবেন বলেও অঙ্গীকার করেন। এদিকে সন্তানেরা তাদের অঙ্গীকার প্রতিপালন করছেন কিনা তা পর্যবেক্ষণ করতে আদালত মামলা চালিয়ে যাবার নির্দেশ দেন। মামলা প্রত্যাহার না হওয়ায় আদালত ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
