গ্রেপ্তার-আতঙ্কে তালা ঝুলছে অধিকাংশ বাড়িতে

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ০২:০৭

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়িঘের দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়। লক্ষ্মীখালী ও গাংড়ামারী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় গতকাল এ পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তার-আতঙ্কে দুটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। তালা ঝুলছে অধিকাংশ বাড়িতে।

উপজেলার গাবুরা ইউনিয়নে বৃহস্পতিবার বিরোধপূর্ণ ওই চিংড়িঘের নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতেরা হলেন লক্ষ্মীখালী গ্রামের খলিল মোড়লের ছেলে আইজুল ইসলাম মোড়ল (৫৫) এবং গাংড়ামারী গ্রামের আসাদুল্লাহ আল গালিবের ছেলে নূরুন নবী (৪০)।
বিরোধপূর্ণ চিংড়িঘের এলাকায় সরেজমিনে গেলে দেখা গেল পুলিশি পাহারা। জুমার নামাজের সময় দেখা গেল গাংড়ামারী জামে মসজিদ, লক্ষ্মীখালী জামে মসজিদ ও মোড়লবাড়ী জামে মসজিদ প্রায় ফাঁকা। মসজিদের ইমাম রুহুল আমিন জানান, এসব মসজিদে সাধারণত প্রতি জুমায় গড়ে তিন শতাধিক মানুষ নামাজ আদায় করেন। কিন্তু গতকাল ২০-২৫ জন করে হাজির ছিলেন। নামাজ আদায়কারীদের অধিকাংশই ছিল বৃদ্ধ ও শিশু। কোন যুবক, তরুণ উপস্থিত ছিল না।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নিহতদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা করেনি। পুলিশ একটি সাধারণ ডায়েরি করে উল্লিখিত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।