বিরামপুরে স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় স্বামী আটক!

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১৫:৫৪

বিরামপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে শনিবার বিকেলে স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে লম্পট স্বামীকে আটক এবং তার কাছ থেকে ভিডিওচিত্রের মেমোরি কার্ড উদ্ধার করেছে।
মামলা সূত্রে প্রকাশ, বিরামপুরের বিছকিনী গ্রামের এক মেয়ের সাথে পার্শ্ববর্তী জোয়ালকামড়া গ্রামের মকছেদের পুত্র মারিফুল ইসলাম আনুর (৩৬) এক বছর পূর্বে বিয়ে হয়। তিনমাস আগে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। সম্প্রতি আনু তার স্ত্রীর কাছে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের অশ্লীল ভিডিও চিত্র ছড়িয়ে দেয়ার হুমকী দেয়। স্ত্রী টাকা দিতে না পারায় লম্পট স্বামী মোবাইলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে ঐ ভিডিও চিত্র প্রচার করে। সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন স্ত্রী বাধ্য হয়ে লম্পট স্বামীর বিরুদ্ধে শনিবার মামলা করেন।
থানার ওসি মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার জঘন্য কৃতকর্মের দায় স্বীকার করেছে। মামলার সহযোগী আসামিকে ধরার চেষ্টা চলছে।