জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকে ডাকাতির ঘটনায় শুক্রবার রাতে আরো ১০লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এনিয়ে র্যাব এবং পুলিশ মিলে মোট ৭৫লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং এর সাথে জড়িত ডাকাতির মূল হোতা শামীম হাসান সহ সাত ডাকাত ও এক ব্যাংক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার কুষ্টিয়া থেকে নয় লাখ টাকা সহ ডাকাত দলের সদস্য ইকবাল হোসেন ইকুকে গ্রেফতার করে পুলিশ পরে বৃহস্পতিবার ঢাকার মুন্সিগঞ্জ থেকে ৫৬লাখ টাকাসহ মূল হোতা শামীম হাসানসহ ছয়ডাকাতকে গ্রেফতার করে র্যাব। আসামি ইকবাল হোসেনের দেয়া তথ্যমতে পুলিশ সর্বশেষ শুক্রবার রাতে আবারো কুষ্টিয়া থেকে আরো ১০ লাখ টাকা উদ্ধার করে।
তিন দফায় মোট ৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার। তিনি আরো জানান, মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের সনাক্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিরা হলেন, বরিশালের শামীম হাসান (৪০), আব্দুস কুদ্দুস বুল (৪৫), ময়মনসিংহের স্বপন দেবনাথ (৩৫), বাদল হোসেন (৩৫), মাসুম (২৫) প্লাবন (২৮), কুষ্টিয়ার ইকবাল হোসেন ইকু (৪৫) ও ডাচ বাংলা ব্যাংকের জয়পুরহাট শাখার কর্মচারী নাজমুল হোসেন (৪৫)।
শনিবার জয়পুরহাট সদর থানায় সাংবাদিকদের সামনে আসামিদের হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খায়রুল বাশার জানান, আসামিদের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ডে অন্যান্য আসামি ও বাকি টাকার হদিস মিলবে বলেও জানান তিনি।
গত ২৬ সেপ্টেম্বর রাতে জয়পুরহাট সদর রাস্তায় ব্র্যাক ব্যাংকের শাখায় ডাকাতি করে ১ কোটি ৯৫ লাখ টাকা লুট করে ডাকাত দল। ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফজলে রাব্বি চৌধুরী সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকেই আইন প্রয়োগকারী সংস্থা টাকা উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছে।
এদিকে ডাকাতির পর থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলছে বর্লে জানা গেছে।
