ইবোলায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ালো, বিশ্বব্যাপী আতঙ্ক

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১৭:০৬



বিশ্বব্যাপী ইবোলায় মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ তথ্য নিশ্চিত করেছে। হু জানায়, বিশ্বের সাতটি দেশে ইবোলায় আক্রান্ত মোট ৮ হাজার ৩৯৯ জন রোগীর মধ্যে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত এ রোগে মোট ৪ হাজার ৩৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের প্রধান বিমানবন্দরগুলোতে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা জোরদার করেছে।

মৃতের এ সংখ্যা দ্রুত বৃদ্ধির পর জাতিসংঘ জানায়, প্রাণঘাতী ইবোলা মোকাবেলায় প্রয়োজনীয় ১শ’ কোটি ডলারের তুলনায় প্রতিশ্রুতি অনেক কম এসেছে। পশ্চিম আফ্রিকায় ইবোলায় প্রায় সকল মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই অঞ্চলের বাইরে ইবোলা মহামারির ব্যাপারে আতংক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কানাডা সরকার ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশগুলো ছাড়তে তাদের দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে। তারা তাদের নিজ দেশের সীমান্তে ভ্রমনকারিদের স্বাস্থ্য পরীক্ষার পদক্ষেপ নিয়েছে।

এদিকে জাতিসংঘ ও ইবোলা ছড়িয়ে পড়া দেশ গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনের নেতারা আফ্রিকায় এ রোগ মোকাবেলায় ব্যাপক সাহায্যের আহবান জানিয়েছেন। জাতিসংঘের সহকারি মহাসচিব জ্যান ইলিয়াসন জানান, প্রাণঘাতী রোগ মোকাবেলায় প্রয়োজনীয় ১শ’ কোটি ডলারের মাত্র চার ভাগের এক ভাগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এক্ষেত্রে তিনি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী কর্মী পাঠানোর আহবান জানিয়েছেন।