টাঙ্গাইল ও জামালপুর ট্রেনর ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ভূঞাপুর (টাঙ্গাইল) ও মেলান্দহ (জামালপুর) সংবাদদাতার পাঠানো খবর—
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ সদর থানার হোসেনপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, ঈদ ও পূজা ছুটি শেষে লোকজন কর্মস্থলে যাওয়ার জন্য ট্রেনে সিট না পেয়ে ছাদে ভ্রমণ করছে। শনিবার দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার সন্নিকটে পৌঁছলে জাহাঙ্গীর ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, জাহাঙ্গীর আলম টুইন টাওয়ার নামে ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করত। ঈদের ছুটি শেষে তিনি তার কর্মস্থলে যোগ দেয়ার জন্য ট্রেনে করে ঢাকায় রওনা দিয়েছিলেন।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে জামালপুরের মেলান্দহে তিস্তা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। ট্রেনটি ঝিনাই ব্রিজ পারাপারকালে যুবকটি চলন্ত ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন ও জামালপুর ফায়ারসার্ভিসের কর্মীরা দ্রুত উদ্বারের তত্পরতা চালিয়েও শেষ রক্ষা হয়নি।
