টাঙ্গাইলের মির্জাপুরে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে ধরিয়ে দিতে এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে মির্জাপুর থানায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান এ ঘোষণা দেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) পঙ্কজ চন্দ্র রায় এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে এ ঘটনায় আজ সকালে এজাহারভুক্ত আরেক আসামি বদরউদ্দিনকে গ্রেফতার করা হছেছে। এ নিয়ে মোট ৯জনকে গ্রেফতার করা হলো। প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গত সোমবার রাতে সোহাগপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে প্রবাসী মজিবর রহমানের ঘরে আগুন ধরিয়ে দিলে তার স্ত্রী হাসনা বেগম (৩৫), তিন মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাকপ্রতিবন্ধী মীম আক্তার (১১) ও নার্সারির ছাত্রী মলি আক্তার (৭) আগুনে পুড়ে মারা যায়।
পুলিশ জানায়, এ হত্যার ঘটনায় হাসনা বেগমের ভাই মোফাজ্জল হোসেন একই গ্রামের বাহার উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন।
এদিকে আজ ভোর রাতে মির্জাপুর থানা পুলিশ গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেদী এলাকার এক আতœীয় বাড়ি থেকে মামলার এজাহারভূক্ত চার নম্বর আসামী বদর উদ্দিনকে গ্রেফতার করেছে। এছাড়াও জাহাঙ্গীর আলমের এক ঘনিষ্ট ফয়সাল নামের আরো একজন কে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।
জাহাঙ্গীরের ভাই গ্রেফতারকৃত হানিফকে ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
