ফেনীতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার বিকাল ৩ টার দিকে ফেনী শহরতলীর পাঁচগাছিয়া বাজারের কাছে বাতানিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক একটি কাঠের গুদামে বসে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলে নুর নবী (৩৫) নামে এক যুবক নিহত হয়। সে ঐ এলাকার মৃত এছহাক মিয়ার ছেলে।
পুলিশ জানান, গত কয়েকদিন থেকে গোপন আস্তানা হিসেবে কাঠের গুদামটিকে তারা ব্যবহার করে আসছিল। সেখানে তারা বোমা তৈরী করে যাচ্ছিল। এ ঘটনার পর আহত তিনজন পালিয়ে গেছে। নিহতের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
