টেকনাফের নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে শনিবার রাত সাড়ে দশটায় ৪০ হাজার পিস ইয়াবাসহ একটি নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা বলে বিজিবি দাবি করেছে।
তবে এ ঘটনায় বিজিবির সদস্যদের সঙ্গে চোরাকারবারীদের হাতাহাতির এক পর্যাযে তারা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে রাতে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের আড়াই নাম্বার সুইসগেইট সংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় একটি নৌকার ৩/৪ জন মাঝিমাল্লাকে চ্যালেঞ্জ করলে তাদের সঙ্গে বিজিবির সদস্যদের হাতাহাতির এক পযায়ে ভারী বৃষ্টির কারণে নাফনদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে জালের নিচ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো বিজিবির সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।
