ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০১৪, ১২:১২

ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। রবিবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকার কসকা দক্ষিণ ছনুয়া এলাকায় টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাস রবিবার সকাল সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মো. মামুন (১৭) ও জোৎস্না (৩৬) ও অজ্ঞাত পরিচয় এক পুরুষ (৩০) নিহত হন। এ ঘটনায় চট্টগ্রাম র‌্যাব-৭ পতেঙ্গা অফিসের নায়েক আনোয়ার হোসেন সহ ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অসীম কুমার সাহা জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ফেনী ফাজিলপুর হাইওয়ে ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম ভূইয়া জানান, নিহতদের ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ফেনী জেলা সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।