শনিবার সন্ধ্যায় নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর এবং মাখনা গ্রামের ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকের মধ্যে সংঘর্ষের জের ধরে রবিবার সকালে পুনরায় সিংহের বাজার ব্রিজের উপর ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছেন। এদের মধ্যে দিদার খান (৫০) নামে একজনকে মদন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলে আশঙ্কাজনক অবস্থায় কতর্ব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিংহের বাজারে চায়ের দোকানে টেলিভিশনে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা উপভোগের সময় নায়েকপুর গ্রামের সাইকুল ইসলামের সাথে মাখনা গ্রামের আবু উরেরার সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে পাঁচ জন আহত হন। এরই জের ধরে রবিবার সকালে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ হারেছ, উপজেলা নির্বাহী অফিসার মো খুরশীদ শাহরিয়ার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হীরা, ওসি এস এম মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুই গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, সংঘর্ষ এড়াতে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেটের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
