সিরাজগঞ্জ সদর উপজেলার শিবনাথপুরে ঋতু খাতুন (৮) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঋতু খাতুন শিবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা রাতে টেলিভিশন দেখার জন্য পাশের বাড়ি যায় ঋতু। পরে রাতে সে আর বাড়ি ফেরেনি। রবিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশ্ববর্তী একটি পটল বাগানে তার লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোন এক সময়ে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।
