কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ীর আগমনী বাজার এলাকায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে নৈশকোচ ও ব্যাটারীচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত আরো দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় কাঁঠালবাড়ী ইউনিয়নের দাসেরহাট এলাকার আহত আব্দুল হক (৫০) ও নাদুরা শেখের (৬০) মৃত্যু হয়। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।
শনিবার রাতে অটোরিক্সা চালক মাইনুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এতে নারীসহ ৪ জন যাত্রী আহত হয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন মিয়া জানান, ঘাতক নৈশ কোচটিকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত অটোচালক মাইনুলের ভাই মজু মিয়া বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।
