ঈদকে ঘিরে লক্ষ্মীপুর থেকে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন রুটে দ্বিগুণ ভাড়া আদায় করা হলেও এসব দেখার কেউ নেই। লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী ইকোনো, ঢাকা এক্সপ্রেস, জোনাকী, জননী সার্ভিসসহ চেয়ার কোচ ও চট্টগ্রামগামী শাহী পরিবহনের গাড়িগুলিতে আগের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে।
গতকাল রবিবার লক্ষ্মীপুর বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভীড়। যাত্রীদের অভিযোগ, এ রুটে বিকল্প কোন পরিবহন না থাকায় খামখেয়ালি মতো ভাড়া আদায় করা হচ্ছে। ঈদ ফেরত যাত্রীরা কর্মস্থলে যাওয়ার সময় ১ মাস পর্যন্ত দ্বিগুণ ভাড়া আদায় করলেও কারো কিছু বলার নেই। দ্বিগুণ ভাড়া দেয়ার সাধ্য না থাকলেও বাধ্য হয়ে তারা টিকিট নিচ্ছেন। ঢাকা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি বিজন বর্ধন এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা থেকে লক্ষ্মীপুর রুটের সরকার নির্ধারিত ভাড়া ৪৩০ টাকা, কিন্তু আমরা অন্য সময় ৩৫০ টাকা করে আদায় করি। বর্তমানে বেশি ভাড়া আদায়ের বিষয়ে বলেন, ঢাকা থেকে আমাদের গাড়িগুলো খালি যায়, এ কারণে আসার সময় কিছু ভাড়া বেশি আদায় করি। এভাবে কতদিন আদায় করবেন জানতে চাইলে তিনি বলেন, যতদিন ফিরতি যাত্রী না পাই।
