নগরীর ভিআইপি সড়ক হিসেবে পরিচিত দেওয়ান হাট মোড় থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত রাস্তায় ভাসমান দোকান ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে ব্যস্ততম ওই সড়কে যেখানে সেখানে অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও অভিযান শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে সারাদিন একটানা অভিযানে নেতৃত্ব দেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান। অভিযানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, হকার নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন। অভিযানের শুরুতে সকলকে স্বেচ্ছায় দোকান সরিয়ে নিতে বলা হয়। অভিযানে প্রায় ৫০০ দোকান উচ্ছেদ করা হয়। তবে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।
এ বিষয়ে একেএম শহীদুর রহমান ইত্তেফাককে বলেন, সড়কটির ১০-১২টি পয়েন্টে ফুটপাত ও রাস্তা দখল করে প্রচুর অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। এসব দোকানের কারণে রাস্তায় যানজট হতো। ফুটপাত দিয়ে মানুষের চলাচল করতে অসুবিধা হতো। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
