রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দি এলাকায় এক ডাকাতকে ধরতে প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা করেছে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ওই ডাকাত। এ সময় এলাকার কয়েক শ লোক ঘটনাস্থলে উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, স্থানীয় মুজিবর ডাকাত ১৭ বছর জেল খেটে বের হয়ে পুনরায় ডাকাতি শুরু করে। গতকাল সন্ধ্যায় বিশনন্দি এলাকায় পুলিশের একটি দল তাঁকে ধাওয়া করলে সে পুলিশের দিকে পিস্তল ছুড়ে দেয়। পিস্তলটি নিয়ে পুলিশের ব্যস্ত থাকার সুযোগে সে পুকুরে ঝাঁপ দেয়। এরপর চলে পুলিশের খোঁজাখুঁজি। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পুলিশ নিশ্চিত হয়, মুজিবর পালিয়ে গেছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, অন্ধকার হয়ে যাওয়ার কারণে ডাকাত মজিবরকে ধরা যায়নি। অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে।
