সিরাজগঞ্জে আট বছরের শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা!

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ০৩:০৫

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে ঋতু খাতুন নামে আট বছরের একটি শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সন্দেহভাজন ধর্ষকের বসতবাড়ি ভাঙচুর করেছে।

ঋতু শিবনাথপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও শিবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তার মা কোহিনুর বেগম বাদী হয়ে সন্দেহভাজন ধর্ষকসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, টেলিভিশন দেখার কথা বলে পাশের বাড়ির তাঁত ব্যবসায়ী আবদুল খালেকের ছেলে নুর ইসলাম (১৮) গত শনিবার সন্ধ্যায় ঋতুকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। কিন্তু রাতে ঋতু আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকাল আটটার দিকে বাড়ি থেকে সামান্য দূরে একটি পটোলখেতের মধ্যে ঋতুর লাশ পাওয়া যায়।
এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, ঋতুর লাশ উদ্ধারের পর নুর ইসলামের বাড়ির লোকজনকে খুঁজে পাওয়া যায়নি। এতে এলাকাবাসীর সন্দেহ হয়। ক্ষুব্ধ এলাকাবাসী নুর ইসলামদের বসতবাড়িতে ভাঙচুর চালান।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, ধর্ষণের পর শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পর থেকে আসামিরা সবাই পলাতক। তবে তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।