ময়মনসিংহের ভালুকা উপজেলার পুরুড়া গ্রামের মোস্তাকুর রহমানকে (২৪) অপহরণ করে হত্যা করা হয় ১২ দিন আগে। এ মামলার প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি ভালুকা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা বলেন, মোস্তাকুর রহমান হত্যাকাণ্ডের ১২ দিন পার হয়ে গেলেও পুলিশ প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করতে পারছে না। তারা অবিলম্বে আসামি সুমনকে গ্রেপ্তারের দাবি জানায়।
