ব্রাজিল-আর্জেটিনা খেলা

নেত্রকোনার মদনে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ৪০

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ০৩:৫৪

টেলিভিশনে ব্রাজিল ও আর্জেটিনার খেলা দেখা নিয়ে নেত্রকোনার মদন উপজেলায় দুই গ্রামের বাসিন্দারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার উপজেলার নায়েকপুর ইউনিয়নে।

আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ মদন ও পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহেরবাজারে টেলিভিশনে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল খেলা দেখছিলেন নায়েকপুর ও মাখনা গ্রামের কয়েকজন। একপর্যায়ে দুই পক্ষের কয়েকজন সমর্থকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে ঝগড়া হয়। এর জের ধরে গতকাল সকাল সাড়ে আটটার দিকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের কয়েক শ লোক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত ৪০ জন আহত হন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের ১২টি ফাঁকা গুলি ছুড়েছে। এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে আটক করেছে।