বাংলাদেশের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এখন কলকাতায়। রবিবার বিকালে তিনি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান-বন্দরে পৌঁছান। ভিআইপি গেট দিয়ে বের হয়ে তিনি রওনা হয়ে যান দক্ষিণ কলকাতার একটি পাঁচ তারা হোটেলের উদ্দেশে। সেখানেই তিনি রাত্রিবাস করবেন। সোমবার সেখান থেকে তার অন্যত্র চলে যাওয়ার কথা।
সূত্র জানায়, তার কলকাতায় আসার কথা গোপন রাখতে চান লতিফ সিদ্দিকী। তাই সোমবারই তিনি হোটেল ছেড়ে অন্য কোন গেস্ট হাউসে চলে যাবেন। তবে ঢাকায় এখনই ফিরবেন কিনা কিংবা ফিরলেও কবে ফিরবেন তা নিয়ে কোন সিদ্ধান্ত নেন নি। জানা গেছে, পরিস্থিতি পর্যালোচনা করে তবেই লতিফ সিদ্দিকী বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। একটি সূত্রে খবর, লতিফ সিদ্দিকী একটি দেশের এমপি এবং মন্ত্রী। কলকাতায় অবতরণের সময় পর্যন্ত তার অপসারণের খবর সরকারিভাবে জানা নেই। তাই তার নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা ছিল।
এদিকে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে খবর- বিষয়টি তারা শুনেছেন। তবে সরকারিভাবে কিছু জানেন না। তিনি কলকাতায় এসেছেন, এমন কোনো বিষয়ে তাদের জানানো হয়নি। কলকাতায় পৌঁছে বিমানবন্দরের বাইরে লতিফ সিদ্দিকী বলেন, আমি খুব ক্লান্ত। এখন কিছু বলব না। ঢাকায় পৌঁছে যা বলার বলব। প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেয়ার নেবেন। তারপর তিনি পাঁচতারা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যান।
