গোপালগঞ্জের কাশিয়ানীতে হাট বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাপস মোল্লা (১৭) মারা যান। দুইদিন আগে সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন।
কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তাপস কাশিয়ানী উপজেলার মাজড়া পূর্বপাড়া গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। তিনি কাশিয়ানীর রামদিয়া সরকারি এসকে কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
তিনি আরো জানান, সোমবার সকালে তাপসের মৃত্যুর খবরে মাজড়া পূর্বপাড়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় একটি বসতঘর ও দোকান ভাংচুর করা হয়।
এ ঘটনায় পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করা হয়েছে।
