কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই বাজার এলজিইডি খামারের সামনে ঢাকা থেকে কুড়িগ্রামগামী নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও সাত জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনায় নিহত অটোযাত্রী ফাতেমা বেগম (৫৫) রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বাসিন্দা।
এতে অটোরিক্সা চালকসহ আহতরা হলেন, একতা বাজার এলাকার শাইনুদ্দি (২৫), মিনার বাজারের আশরাফ সিদ্দিকী (৪০) ও শিশু কণ্যা আয়শা সিদ্দিকা (৭), নুর নাহার (৩০), সাজেদা বেগম (২৮), শাহিদা (২৫) ও খিলবাড়ীর লিয়ন (১০)। তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ধানসিঁড়ি নামের একটি নৈশ কোচের সঙ্গে ব্যাটারিচালিত অটোর রিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনায় সাথে সাথে স্থানীয় বিক্ষুব্ধ জনতা নৈশকোচটি ভাঙচুর করে এবং কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। কুড়িগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সততা নিশ্চিত করেছেন।
