মেহেরপুরের মুজিবনগর ও চুয়াডাঙ্গার দামুড়হুদা অঞ্চলের চাঁদাবাজ চক্রের মূলহোতা শাহ জামালকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক আক্তারুজ্জামান। রাতে তার স্বীকারোক্তিতে তার নিজ বাড়ি থেকে একটি এলজি শটগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের হোসেন চৌকিদারের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থেকে মোবাইলে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করে আসছেন শাহ জামাল। তার দলের সদস্যদের নিয়মিত চাঁদা দিচ্ছেন এলাকার অনেকেই। তিনি চাঁদপুর গ্রামের একটি বাড়িতে অবস্থান করছেন এমন খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাতে তাকে আনা হয় সদর থানায়।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, শাহ জামাল চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চরের চাঁদাবাজ চক্রের মূলহোতা। ‘দেবা’ নামে তিনি চাঁদাবাজি করতেন। এর আগে মুজিবনগর এলাকায় কয়েকটি হত্যাকা-ের ঘটনাস্থলে ‘দেবা ৫৫৫’ নাম লেখা চিরকুট উদ্ধার করেছিল পুলিশ।
তার নামে মুজিবনগর ও পার্শ্ববর্তী দামুড়হুদা থানায় ৫টি মামলা রয়েছে। একটি মামলায় মেহেরপুর আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে।
