দুই বছর নয় মাস তালাবদ্ধ থাকার পর অবশেষে সেই ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়েছে। এই ফ্ল্যাটটি হচ্ছে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনীর ভাড়া করা ফ্ল্যাট। সোমবার সন্ধ্যায় র্যবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়ারেছ এই চাবি সাগর-রুনির পরিবারের কাছে হস্তান্তর করেন। রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডের ৬৬/১২ নম্বর বাড়িতে মেহেরুন রুনীর নূরুন নাহার মির্জার কাছে চাবি বুঝিয়ে দেয় র্যব।
র্যবের কাছ থেকে চাবি পাওয়ার পর রাত ৮ টার দিকে রুনির ভাই নওশের আলম রোমান পশ্চিম রাজাবাজারের ৫৮/এ/২, শাহজালাল ডেভেলপার কোম্পানির রশিদ লজ এ্যাপার্টমেন্টের ৫ম তলার এ-৪ ফ্ল্যাটে যান। এসময় তার সঙ্গে ছিল সাগর-রুনির একমাত্র সন্তান মাহীর সারওয়ার মেঘ ছিলো।
রোমান জানান, দীর্ঘ দিন ফ্ল্যাট বন্ধ থাকায় ফ্ল্যাটে ময়লার আস্তর জমে গেছে। সেখান থেকে মেঘ তার স্মৃতি বিজড়িত কার্টুন ও ডায়ানোসারের দুইটি খেলনা নেয়। প্রায় ১৫ মিনিট ঐ ফ্ল্যাটে অবস্থান করার পর তারা চলে আসে। তিনি আরো জানান, ফ্ল্যাট থেকে সাগর-রুনির জিনিসপত্র সরিয়ে নেয়ার পর মালিক সাজ্জাদ হোসেনের কাছে ঐ চাবি হস্তান্তর করা হবে।
২০১১ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনীর লাশ পুলিশ উদ্ধার করে।
