নোয়াখালী শহরে ইজিবাইক চলাচল নিষিদ্ধ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ০৫:৩০
গতকাল সোমবার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী জেলা শহরে আজ মঙ্গলবার থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফসহ জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, একই বৈঠকে জেলাকে মাদকমুক্ত করার পাশাপাশি শহরকে যানজটমুক্ত করতে প্রধান সড়কের পাশ থেকে বাস কাউন্টার অন্যত্র সরিয়ে নেওয়া এবং সড়কের পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।