সোমবার সন্ধ্যায় পুলিশ যশোর শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকার আবাসিক হোটেল ‘কোকো’ থেকে মনিরুল আলম (৪৩) নামে ঢাকার এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মনিরুল আলম পাটের জিনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলমের ছোট ভাই। গতকাল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ও কোকো হোটেলের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরুল গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। রোববার রাত থেকে কক্ষের দরজা বন্ধ ছিল। সোমবার বিকেল পর্যন্ত কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেলে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি কোতোয়ালি থানার পুলিশকে জানান। পুলিশ সন্ধ্যায় হোটেলের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মনিরুলের লাশ উদ্ধার করে।
মনিরুলের বড় ভাই মঞ্জুরুল আলম সাংবাদিকদের জানান, তাঁর ভাই মনিরুল ভারত থেকে কাপড় এনে বাংলাদেশে ব্যবসা করতেন। মাঝেমধ্যে তিনি ভারতে যেতেন। দুদিন আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। সোমবার মনিরুলের ফোন থেকে বাড়িতে খবর পাঠানো হয় যে তাঁর মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক সাংবাদিকদের বলেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
