আলোকচিত্রী আজিজুর রহীম পিউ আর নেই

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ২০:৩১

আলোকচিত্রী আজিজুর রহীম পিউ (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়া ইন্না...)। সোমবার দিবাগত ভোর ৪টায় হার্ট অ্যাটাকে তিনি মারা যান। তার বুকে ব্যথা উঠলে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার দুপুর দেড়টায় প্রেসক্লাবে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি, ইত্তেফাক, প্রথম আলো, অবজারভারসহ বিভিন্ন গণমাধ্যম।

আজিজুর রহীম অবজারভারের আলোকচিত্র সম্পাদক (ফটো এডিটর) হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন। এর আগে তিনি দীর্ঘদিন ইত্তেফাকের ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন। ইত্তেফাকে প্রকাশিত তার অনেক ছবি দেশজুড়ে আলোচিত হয়ে উঠেছিল।  এছাড়া তিনি সকালের খবরে কাজ করেছেন।  আলোকচিত্র বিষয়ক ’পাঠশালার’ শিক্ষক ছিলেন তিনি।

'বাহের সংবাদ' এর বার্তা সম্পাদক সাঈদ আহমেদ নিশাদ জানান, রংপুরে 'বাহের সংবাদ' নামে স্থানীয় পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন আজিজুর রহিম পিউ।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

খ্যাতিমান এ ফটো সাংবাদিক রংপুরে জন্মগ্রহণ করেন। তাঁকে রংপুরেই দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।