ছাত্রলীগের বাধায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বোর্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ নিজ কক্ষ থেকে বেরিয়ে এসে নিয়োগ প্রার্থীদের এ বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক পদে নিয়োগের মৌখিক পরীক্ষার বোর্ড মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বাধায় দুপুর ২টায় ঐ বোর্ড বন্ধ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যের কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের বোর্ডের সামনে অবস্থান করতে দেখলেও তারা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদর রহমান মাসুম বলেন, ‘এখানে ছাত্রলীগের কোন নেতা-কর্মী আছে কিনা আমি জানি না। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
