নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ইলিশ শিকারের সময় পুলিশের গুলিতে আবুল হাসেম (৪৫) নামে এক জেলে মার যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের বাড়ি হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের রেহানিয়া গ্রামে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় নদীতে ইলিশ শিকারের সময় একটি টহল স্পিডবোট থেকে জেলেদের ট্রলারটিকে থামানোর জন্য সিগনাল দেয়া হয়। কিন্তু ট্রলারটি সিগনাল অমান্য করে দ্রুতগতিতে চালাতে থাকলে স্প্রিড বোট থেকে গুলি করা হয়। এতে গুলিতে জেলে হাসেম গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাতে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে তিনি মারা যান। নিহতের ছেলে ছাইফুল ইসলাম জানান, তার বাবাকে হাতিয়া নলচিরা নৌ ফাড়ির পুলিশের টহল স্পিডবোট থেকে গুলি করা হয়েছে এবং গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।
এদিকে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: ফজলে রাব্বি জানান, এসময়ে নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ থাকায় স্পিডবোট থেকে জেলে ট্রলারের ওপর গুলি করা হয়েছে। তবে স্পিডবোটটি পুলিশের কিনা তা তদন্ত করা হচ্ছে।
রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
