নেত্রকোনার মদনের নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজারে গত রবিবার অনুষ্ঠিত ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৪ জনের নামসহ দুই হাজার ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মদন থানার এএস আই সুলতান মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচ দেখার জন্য উভয় দলের সমর্থকরা গত শনিবার সন্ধ্যায় সিংহের বাজারে আজিজুল ইসলামের চায়ের স্টলে বসে। ব্রাজিল একটি গোল দেয়ার পর নায়েকপুর গ্রামের সাইফুল ইসলাম (১৮) ও মাখনা গ্রামের আবু হুরায়রার (১৫) মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুই দলের সমর্থকদের হুড়াহুড়িতে আরো ৪/৫ জন সামান্য আহত হয়। এরই জের ধরে রবিবার সকাল ১০টার দিকে নায়েকপুর ও মাখনা গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শর্টগানের গুলি ছুড়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত ব্যাক্তি আহত হন।
