গ্রুপ ফোরের চট্টগ্রাম কার্যালয়ে থাকা ২ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা বন্দর নগরীর সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে পাওয়া গেছে। মুয়াজ্জিনের ঘর থেকে মঙ্গলবার ভোরে পুলিশ ওই টাকা উদ্ধার করে। পরে মুয়াজ্জিন বশিরুল আলমকে (২৮) গ্রেপ্তার করা হয়। তবে চুরির হোতা শহিদুল হক শান্তনু (২৪) পালিয়ে গেছে। চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কমিশনার আব্দুল জলিল মণ্ডল।
পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল বলেন, ‘রবিবার ভোরে খুলশী কার্যালয় থেকে তিন কোটি টাকা খোয়া যাওয়ার বিষয়টি প্রকাশ পায়। গ্রুপ ফোরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক তারেক মনসুর খুলশী থানায় মামলা করেন। মামলায় বলা হয়— ভল্টে ৫৩ কোটি টাকা ছিল এবং সেখান থেকে ৩ কোটি টাকা খোয়া গেছে। এর পর পুলিশ অভিযানে নামে। মুখোশধারী এক ব্যক্তির টাকাগুলো নিয়ে বের হয়ে আসার বিষয়টি প্রতিষ্ঠানের গোপন ক্যামেরায় ধরা পড়ে। তা দেখে চোর শনাক্ত হওয়ায় টাকা উদ্ধার হয়। চুরির হোতা শহিদুল হক শান্তনু (২৪) গ্রুপ ফোরের একজন নিরাপত্তাকর্মী। শান্তনুকে গ্রেপ্তার করা যায়নি। মুয়াজ্জিন গ্রেপ্তার হওয়ায় সে পালিয়েছে। বশির ছিল শান্তনুর পূর্বপরিচিত। শান্তনু তিনটি চালের বস্তায় করে টাকা সোমবার ভোরে মসজিদ সংলগ্ন বশিরের ঘরে নিয়ে যায়। পরে দুজন মিলে দুটি ট্রলি ব্যাগে টাকা ভরে রাখে।’
জলিল মণ্ডল বলেন, ‘টাকা উদ্ধারের বিষয়ে জানার জন্য অনেকে আমাকে ফোন করেছিল। আমি তাদের একটু অপেক্ষা করতে বলেছিলাম। তার পরও বিভিন্ন টিভি চ্যানেলে স্ক্রল দেয়া হয়। এভাবে প্রচারের কারণে শান্তনু পালিয়ে গেছে। তবে আমি আশাবাদী, অচিরেই তাকে গ্রেপ্তার করা যাবে।’
