সাংসদ বাদশার বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ০০:১৮

মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে নগরীর শাহ মখদুম কলেজে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে এক প্রার্থী রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে মামলা করেছেন। মামলা করেছেন কলেজের অর্থনীতি বিষয়ের শিক্ষক প্রার্থী মমতাজ সুলতানা ফারুকী। তিনি নগরীর কাজলা এলাকার ফারুক আহাম্মেদ সিদ্দিকীর মেয়ে।

বাদি পক্ষের আইনজীবী একেএম হোসেন আনোয়ার বলেন, মামলায় কলেজ পরিচালনা কমিটি ও নিয়োগ পরীক্ষা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা, নিয়োগ পরীক্ষা কমিটির সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ এবং বিষয় বিশেষজ্ঞসহ পাঁচজনকে বিবাদি করা হয়েছে। আইনজীবী আনোয়ার হোসেন বলেন, আদালতের বিচারক সুরাইয়া শাহাব মামলাটি আমলে নিলেও কোনো আদেশ দেননি। বুধবার বিচারক এই মামলায় আদেশ দিতে পারেন বলে জানান তিনি।
মামলার আরজিতে বলা হয়, শাহ মখদুম কলেজে অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অর্থনীতি বিষয়ে ১৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে শাহনাজ বেগম নামের একজন প্রার্থীর স্বামী আব্দুর রশিদ সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক। তার সহকর্মী একই বিভাগের সহকারী অধ্যাপক কাজী জুলফিকার আলীকে নিয়োগ পরীক্ষায় বিশেষজ্ঞ হিসেবে রাখা হয়। 
পরীক্ষা শেষে শাহনাজ বেগমকেই অর্থনীতি বিভাগে নিয়োগ দেওয়ায় এতে ফজলে হোসেন বাদশাসহ পাঁচজনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনা হয়েছে।
নিয়োগ কমিটি সদস্য সচিব কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীকেই নেয়া হয়েছে। তিনি বলেন, বিশেষজ্ঞ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই মনোনীত করা হয়। মামলাটি তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করবেন বলে জানান।