ভারতীয় কৃষকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে দুই বাংলাদেশির মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১১:৫৪
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় কৃষকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে পড়ে বাংলাদেশি দুই যুবকের মৃত্যু হয়েছে। এরা হলেন,  সুজাউদ্দিন (২৫) ও আনন্দ (১৮)। এদের বাড়ি উপজেলা সীমান্তের গয়েশপুর উত্তরপাড়ায়।  মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 
এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, উপজেলার গয়েশপুর-কুলাপাড়া সীমান্তে ৬৭/২ মেইন পিলারের কাছে কাটাতারের এপাশে একই মাঠে বাংলাদেশি ও ভারতীয় কৃষকরা চাষাবাদ করে। ভারতের কুলাপাড়া গ্রামের কৃষক আব্বাছ আলী তার খিরা ক্ষেত শিয়ালের আক্রমণ থেকে রক্ষা করতে রাতে ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে। ওই ফাঁদে পড়েই ওই দুই জনের মৃত্যু হয়।
 
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, গয়েশপুর গ্রামের সুজা ও আনন্দ চি‎হ্নিত ফেনসিডিল ব্যবসায়ী। ভারত থেকে  ফেনসিডিল পাচার করে আনার জন্য রাত আনুমানিক ১১ টার দিকে তারা বাড়ি থেকে বের হয়। এরপর রাত তিনটার দিকে ভারতীয় ওই কৃষকের ক্ষেতের ভেতর দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক ফাঁদে পড়ে তাদের মৃত্যু হয়।
 
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, লাশের সুরতহাল রিপোর্ট দেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘‘নিহতরা সীমান্তে তাদের ক্ষেত পাহারা দিতে গিয়েছিলো বলে জেনেছি।’’ নিহত সুজার স্ত্রী আরিফা খাতুন জানান, স্বামী সুজা এবং ওই যুবক সীমান্তে বেগুণ ক্ষেত পাহারা দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।