সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তত্কালীন বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনাটি কলারোয়া থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা বুধবার দুপুরে এ আদেশ দেন।
তত্কালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এক ধর্ষিতাকে দেখতে কলারোয়ায় যাওয়ার পথে তার গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নেতা ও সে সময়ের মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে বর্তমান কলারোয়া পৌর সভার মেয়র আক্তারুল ইসলামসহ ২৭ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন।
২০০৩ সালের ২৫ ডিসেম্বর মামলার ফাইনাল রিপোর্ট দেয়া হয়। ২০০৪ সালের ২২ জানুয়ারি বাদী নারাজি পিটিশন দাখিল করেন।
একই সালের ২২ এপ্রিল রিভিশনটি শুনানি শেষে মামলাটি নিষ্পত্তি হয়ে যায়। পরে মামলার বাদী উচ্চতর আদালতে ক্রিমিনাল আপিল দায়ের করেন।
উচ্চতর আদালত ২০১৩ সালের ১৮ জুলাই বাদী কর্তৃক আগেই দাখিলকৃত নারাজি পিটিশনটি পুনর্বিবেচনার আদেশ দেন। এর প্রেক্ষিতে বুধবার চীফ জুডিশিযাল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা কলারোয়া থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন ।
