মির্জাপুরে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মা-মেয়েসহ চারজনকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবিতে গতকাল বুধবার প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি, জেলা মহিলা পরিষদ, মির্জাপুর উপজেলা মহিলা পরিষদ এবং লিগাল এইড উপ পরিষদ কেন্দ্রীয় কমিটি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
আয়শা খানম বলেন, নারী সমাজের কোন নিরাপত্তা নেই। মির্জাপুরের দক্ষিণ সোহাগপাড়া গ্রামের নিরীহ চার নারীর হত্যাকারীদের ক্ষমার কোন সুযোগ নেই। অপরদিকে দুপুরে মহিলা পরিষদ এবং লিগাল এইড উপ-পরিষদ কেন্দ্রীয় কমিটির মহিলা নেত্রীরা টাঙ্গাইল প্রেসক্লাব ও মির্জাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
