লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাফুজুর রহমানকে বৃহস্পতিবার দুপরে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বহিষ্কার আদেশ দিয়ে রামগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের ডিজিএম বেলায়েত হোসেনকে রায়পুর পল্লী বিদ্যুৎতের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন।
অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ডিজিএম বেলায়েত হোসেন বলেন, গত ৯ অক্টোবর রাতে রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয় হামলার ঘটনায় পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির সুপারিশে নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে বহিষ্কার করে পল্লী বিদ্যুতের নোয়াখালী নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা গত ৯ অক্টোবর রাতে রায়পুর পল্লী বিদ্যুতের অফিসে হামলা, ভাঙচুর এবং একটি পিক-আপ ভ্যান ও ৬টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি দেখিয়ে পল্লী বিদ্যুতের পক্ষ হতে পর দিন ৬ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে রায়পুর থানায় একটি মামলা করে।
