কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় সরকারি হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক উপস্থিত না থাকায় চিকিৎসার অভাবে জসিম উদ্দিন (৩৬) নামের এক রোগী মারা গেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তি মারা যাওয়ার সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
অভিযোগে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ইউনিয়নের চৌফলদন্ডী এলাকার মোহাম্মদ নবীর ছেলে জসিম উদ্দিন কয়েকদিন আগে চকরিয়া উপজেলার সুরাজপুরের চেয়ারম্যান পাড়ায় ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সেখানে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন জসিম উদ্দিন। তাৎক্ষনিকভাবে আত্মীয় স্বজনরা তাকে উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।
জসিম উদ্দিনের আত্মীয় স্বজনরা জানান, এ সময় উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর মো. তোফায়েল উদ্দিন উপস্থিত না থাকায় তাকে চিকিৎসা দেয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারীরা জানান ওইসময় ডা. জাহাংগীর মো. তোফায়েল উদ্দিন আজিজনগরে একটি প্রাইভেট হাসপাতালে কর্মরত ছিলেন। তবে জরুরী বিভাগে রোগী আসার খবর পেয়ে তিনি মোটর সাইকেল যোগে হাসপাতালে পৌঁছুলেও এর আধাঘন্টা আগে রাত সাড়ে ১০টার দিকে জসিম উদ্দিনের মৃত্যু হয়। জানা গেছে, রোগী মারা যাওয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার জাহাঙ্গীর মো. তোফায়েল উদ্দিন উপজেলা হাসপাতালে পৌঁছেন।
কক্সবাজার জেলা সিভিল সার্জন মোখলেছুর রহমান জানান গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় চকরিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে এসে তিনিও জরুরী বিভাগে অভিযুক্ত ওই ডাক্তারকে পাননি। তার অবহেলায় যদি রোগীটির মৃত্যু হয়ে থাকে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ অস্বীকার করে ডা.জাহাঙ্গীর মো. তোফায়েল উদ্দিন সাংবাদিকদের বলেন, হাসপাতালে নয়, রোগীটি মারা গেছে পথে। নিহতের শরীর পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে তিনি হাসপাতালে আনার আগে মারা গেছেন।
