নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অস্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি গুলি ও তিনটি ম্যাগাজিন এবং দুটি বিদেশি পিস্তল পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় কাজলের বাড়িতে অভিযান চালিয়ে আহসান হাবিব, ইমরান খান, ওহিদুজ্জামান ওরফে সুজন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ তিনটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। শুক্রবার অপর অভিযানে কামতাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিনসহ সাজ্জাদ আহমেদ ও গোপাল ভৌমিককে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
