রাউজানে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৯:১৮

রাউজান পৌর এলাকার ইনটেনসিভ ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের অনুমোদন না থাকায় বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির মার্কেটিং অফিসার হাটহাজারী উপজেলার কোবরা গ্রামের মো. আব্দুল মান্নানের পুত্র মো. মাঈনুদ্দিনকে আটক করে ত্রিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে একমাস কারাদণ্ড প্রদান করা হয়।

১৯ নভেম্বর বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা দৈনিক ইত্তেফাককে বলেন,  ইনটেনসিভ ডায়াগনস্টিক সেন্টারটির নিবন্ধন নেই। তাছাড়া অনুমোদনহীন মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত মূল্য আদায়, অস্বাস্থ্যকর পরিবেশের কারনে ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের জেল প্রদান করা হয়।প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

ইত্তেফাক/নূহু