বাংলাদেশকে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে :প্রণব মুখার্জি

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ২৩:৪৭

বাংলাদেশের উন্নয়ন, কল্যাণ এবং সমৃদ্ধির জন্য ভারত তার সহযোগিতার হাত সবসময় প্রসারিত রাখবে বলে উল্লেখ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি বলেন, দু’দেশ শুধু অভিন্ন সীমান্ত ধারণ করে না, সেইসঙ্গে অভিন্ন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে। এ সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান তিনি। গতকাল ভারতে সফররত বাংলাদেশের একশ’ তরুণের প্রতিনিধি দলের সাথে সাক্ষাত্ প্রদান করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই তরুণরা বর্তমানে ভারতে সফর করছে। সফরকালে ভারতের বিভিন্ন পর্যটন ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করে তারা। গতকাল ভারতের রাষ্ট্রপতি ভবন পরিদর্শন শেষে ভারতের ১৩তম ও প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে সাক্ষাত্ করে তরুণেরা। এসময় ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইন্ডিপেন্ডেন্ট ইনচার্জ সর্বানন্দ সনোয়াল, সচিব রাজিব গুপ্ত, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কনস্যুলার সুজিত ঘোষ উপস্থিত ছিলেন।

স্বাধীনতার ইতিহাসকে স্মরণ করে প্রণব মুখার্জি বলেন, ১৯৭১ সালের ১৫ জুন আমিই প্রথম ভারতের পার্লামেন্টে বাংলাদেশের মুজিবনগর সরকারকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব উত্থাপন করি। এর ধারাবাহিকতায় যৌথবাহিনী পাকবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। সফরকারী তরুণদের উদ্দেশে বলেন, যুবকরাই ভবিষ্যত্। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো উন্নত ও দৃঢ় করতে তরুণদের প্রতি আহ্বন জানান তিনি। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন তিনি। এর আগে সফররত প্রতিনিধিদল রাষ্ট্রপতি ভবনের বিভিন্ন স্থাপনা, জাদুঘর ও ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ তরুণদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, সাংবাদিকরা রয়েছেন।