রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রবিবার রংপুরে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ(মার্কসবাদী) এর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর প্রেসক্লাবের সামনে জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান বকসী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কারমাইকেল কলেজ শাখার আহ্বায়ক অসীমা রায় লিপি, শ্রমিক কর্মচারী ফেডারেশন ও সংগঠক সুমন মিয়া প্রমুখ।
নেতারা বলেন, ২০১০ সালের নিমতলীর ঘটনা থেকে সরকার শিক্ষা নিলে এই হূদয়বিদারক ঘটনা ঘটত না। দীর্ঘ ৯ বছর আগে দেওয়া সুপারিশের কোনো বাস্তবায়ন হয়নি। তারা বলেন, চকবাজারের ঘটনার জন্য ৬টি তদন্ত কমিটি হয়েছে। এরই মধ্যে শিল্প মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি মালিকদের বাঁচানোর জন্য এবং নিজেদের দায় এড়ানোর জন্য তদন্ত শেষ হওয়ার আগেই সেখানে রাসায়নিক কারখানা ছিল না বলে মত দিয়েছে। বক্তারা এর তীব্র নিন্দা জানান এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিচার এবং আবাসিক এলাকা থেকে দাহ্য রাসায়নিক গুদাম ও প্লাস্টিক কারখানা সরানোর দাবি জানান।
