নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ০১:২৮

একজন আসামিকে গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসকে প্রত্যাহার করা হয়েছে। আবদুল কুদ্দুসের বিরুদ্ধে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ করেছেন নির্যাতনের শিকার ব্যক্তি কেন্দুয়ার গন্ডা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (৪০) ওরফে হাবুল। এসআই কুদ্দুস গতকাল কেন্দুয়ার কর্মস্থল ত্যাগ করেছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, হাবুলকে গ্রেপ্তারে নেতৃত্ব দেওয়া এসআই আবদুল কুদ্দুসকে প্রত্যাহার করা হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় হাবুলকে পুলিশি পাহারায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’