বাগেরহাটের প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতাসহ আহত ৪

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১৫:৩০
 
বাগেরহাটের মোড়েলগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে যুবলীগ নেতাসহ চারজনকে কুপিয়ে এবং পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।রবিবার সকালে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৈলপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলাকারী সবুজ খান যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানায়।
আহতরা হলেন- স্থানীয় যুবলীগ নেতা সেলিম হোসেন বাবুল, বাবুলের ছেলে রাহাত হোসেন (২২), ভাই রিপন হোসেন (৩২) ও প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন (৩৪)।
এলাকাবাসী জানায়, সেলিম হোসেন বাবুল ও সবুজ খান দুইজনেই স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। একসময় তারা দুজনে এক সঙ্গে চলাফেরা করতেন। কিন্তু কয়েক বছর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ সবুজ তার লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ননী গোপাল রায় জানান, বাবুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধরালো অস্ত্র দিয়ে তার দুই পা কুপিয়ে শরীর থেকে প্রায় বিছিন্ন  করে দিয়েছে। চামড়ার সঙ্গে তার দুই পা ঝুলে আছে।
তিনি আরো জানান, উন্নত চিকিৎসার জন্য বাবুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান জানান, সেলিম হোসেন বাবুল ও সবুজ খানসহ তাদের সমর্থকদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় বাবুল ও তার লোকজন সবুজের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় ঐ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।