মুরাদনগরে সাত ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন নবীয়াবাদ এলাকায় ময়না সুপার মার্কেটে রবিবার ভোর ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, উপজেলার নবীয়াবাদ বাজারের ময়না সুপার মার্কেটের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ আগুনের লেলিহান শিখায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।