নগরীতে ফুটপাতের উপর ভাসমান দোকানপাট উচ্ছেদে রবিবার অভিযান চালিয়েছে পুলিশ। টাইগার পাস থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সড়কের উভয়পাশে ফুটপাতের উপর ভাসমান দোকানগুলো গুড়িয়ে দেয়া হয়। গত কয়েকদিন ধরে অবৈধভাবে দোকান নির্মাণকারীদের স্বউদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে প্রচারণা অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন।
নগরীর গুরুত্বপূর্ণ জংশনগুলো ও আশপাশে এলাকা জুড়ে ফুটপাতে এমনকি রাস্তার উপর ভাসমান দোকানী ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে অসাধু পুলিশ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের প্রশ্রয়ে ফুটপাত জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফুটপাত দিয়ে পথচারীরা চলাচল করতে না পারায় সড়কের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ে মানুষ হতাহত হচ্ছে। গতকাল বিপুল সংখ্যক পুলিশ অবৈধ স্থাপনা উচ্ছেদে অংশ নেন। তবে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দেখা যায়, নগরীর টাইগার পাস, ইস্পাহানি মোড়, ওয়াসা মোড়, দামপাড়া, জিইসি মোড়, ষোলশহর দুই নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, এক কিলোমিটার, রাহাত্তারপুল, কালা মিয়া বাজার, কল্পলোক, শাহ আমানত সেতু হয়ে ডানদিকে চামড়ার গুদাম পর্যন্ত এলাকায় পুলিশের একাধিক টীম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
