মালয়েশিয়ায় জলপ্রপাতে পড়ে জার্মান ছাত্রের মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ২০:৫৯
 
মালয়েশিয়ার একটি  দ্বীপের জলপ্রপাতের খাড়া সংকীর্ণ গিরিখাদে পড়ে একজন জার্মান ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ হরিথ কাম আব্দুল্লাহ্ এএফপিকে জানান, ‘২৪ বছর বয়সী ওই ছাত্র দেশটির পূর্বাঞ্চলের লংকাবি দ্বীপে শনিবার একটি দৃশ্যের ছবি তুলতে গিয়ে পা ফসকে পড়ে মারা যায়।’
তিনি জানান, ‘এ সময় বৃষ্টি হওয়ায় সে পিছলে পড়ে মাথার পেছনে আঘাত পায়।’
হরিথ আরো জানান, নিহত ছাত্রটি রাজধানী কুয়ালালামপুরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তো। এক দল ছাত্রের সঙ্গে সে ভ্রমণে বের হয়েছিল।
মালয়েশিয়ায় বেশ ক’জন পর্যটক এ বছর আদি উপত্যকা এবং গহিন জঙ্গলে ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে।
সেপ্টেম্বর মাসে অন্য এক অবকাশ যাপন দ্বীপ টিওম্যান থেকে এক ফ্রেন্স পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়। 
জুন মাসে টিওম্যান দ্বীপের এক জঙ্গলে আরো এক ব্রিটিশ নাগরিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মালয়েশিয়ার পুলিশ এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি।
ফেব্রুয়ারি মাসে এশিয়ার পূর্বদক্ষিণাঞ্চলের অন্যতম সর্বোচ্চ চুড়া মাউন্ট কিনাবালু থেকে পড়ে গিয়ে এক জার্মান নাগরিকের মৃত্যু হয়।