খুলনা জেনারেল হাসপাতাল এলাকায় রবিবার অভিযান চালিয়ে নারীসহ চার দালালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. মিজানুর রহমান, মো. সাকিল, পরিতোষ কুমার সিকদার ও রেণুকা মহলদার। তারা হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়াসহ ওষুধ পাচার এমনকি শিশু পাচারের সঙ্গেও জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল পৌনে ১১টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ডাক্তার এবং ডায়াগনস্টিক সেন্টারের ৩৮৯টি কার্ড উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে খুলনা জেনারেল হাসপাতালের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়েছে।
